স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার অর্ন্তগত লক্ষীছড়ি সদর উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের বুকে ছোট্ট একটি গ্রাম- ইন্দ্রসিংপাড়া। মানচিত্রের বর্গে, দুরুত্ব মাত্র ৭ কিঃ মিঃ হলেও পাহাড়ী ঝিরিপথ ছাড়া নেই কোন যানচলাচল উপযোগী রাস্তা, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওর্য়াক। অবকাঠামোগত দিক থেকে অবহেলিত এই এলাকার সাধারন মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে এবং জীবনযাত্রার মান অনেকটাই নিম্নমানের হলেও এসকল এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় দুর্গম ইন্দ্রসিংপাড়া-শুকনাছড়ি এলাকায় বসবাসরত লিমন চাকমা ও তার পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন। দরিদ্র লিমন এর স্ত্রী মনিকা চাকমা দীর্ঘদিন ধরে গুরুতর রোগে আক্রান্ত হয়ে চলাচল অক্ষম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রীকে সুস্হ করে তুলতে যে চিকিৎসার খরচ প্রয়োজন লিমন এর পক্ষে তা বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ায় তিনি ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের মাধ্যমে লক্ষীছড়ি জোন কমান্ডারের নিকট আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেন।
লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসুস্থ গৃহিণী মনিকা চাকমার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন।
১৫ মার্চ রোববার লক্ষীছড়ি জোন সদর প্রাঙ্গনে অসহায় লিমন চাকমার হাতে অনুদানের অর্থ তুলে দেন। এসময় তিনি লিমন ও তার স্ত্রীর কুশলাদি সম্পর্কে জিজ্ঞাসা করেন, দ্রুত আরগ্য কামনা করেন এবং পরবর্তী যেকোন প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
মানবিক এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে যেমন আর্থিক সাহায্য পেয়ে লিমন চাকমা বাংলাদেশ সেনাবাহিনী তথা লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন অপরদিকে ইন্দ্রসিংপাড়া এলাকার সাধারণ জনগণও এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা করেছেন।
পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের জনগণের কল্যাণে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।