খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই, শুক্রবার রাত ১২টা ১ মিনিটে, খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা ও গভীর আবেগঘন পরিবেশে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করা হয়। ফুলেল শ্রদ্ধায় খাগড়াছড়িবাসী আবারও উচ্চারণ করেন,মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তিপ্রস্তর। বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মাতৃভাষার চর্চা ও শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
মহান একুশের চেতনাকে ধারণ করে খাগড়াছড়ি আবারও স্মরণ করল,ভাষার জন্য আত্মোৎসর্গই আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে সাহস ও আত্মমর্যাদার।