পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লক্ষ্মীছড়িতে ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচি”র আওতায় লক্ষীছড়ি উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৪ মার্চ শনিবার সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোবারক হোসেন, লক্ষীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলান চাকমা, অংগপ্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নিতে জেলা পরিষদ প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দেয় এবং এটি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।