বৈষম্যহীন ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে সরকারি কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন। দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে এবং ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা আরও বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবক। তাদের ন্যায্য অধিকার উপেক্ষা করা হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারকে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। অবস্থান কর্মসূচিতে খাগড়াছড়ি জেলার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।