মো: আল আমিন, দীঘিনালা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন রাঙামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি দুইটি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২ ফেব্রুয়ারি সোমবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। সীমান্তের ৯৬ কিলোমিটার এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, বিজিবি একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ—‘লেভেল প্লেয়িং ফিল্ড’—নিশ্চিত করতে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন রায়ট কন্ট্রোল উপকরণ ব্যবহার করবে। নির্বাচনের দিন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে, যাতে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা যায়।
এ ছাড়া নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবি সদস্যদের নির্বাচনসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বাহিনীটি অঙ্গীকারবদ্ধ।