মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ের উন্নয়নের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। আমরা পাহাড়ী-বাঙালিদের বন্ধুত্ব চাই। কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সম্প্রীতি চাই।
আজ রবিবার দুপুর দুইটা থেকে মহালছড়ি উপজেলার কেংঘাট ইউনিয়নের খেলার মাঠে,মুবাছড়ি ইউনিয়নের বৌদ্ধ বিহার সামনে, মহালছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির মাঠে, মহালছড়ি নতুন পাড়া ঈদ গাহ মাঠে, শান্তি নগর,চৌংড়াছড়ি ইস্কুল মাঠে,কালো পাহাড় এবং মাইসছড়ি বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
বিগত সতেরো বছর উন্নয়নের নামে লুটপাট আর দুশাসন ছিল উল্লেখ করে ওয়াদুদ ভূইয়া বলেন, দুর্নীতি ও দুশাসন মুক্ত বাংলাদেশ গঠন করতে হলে বিএনপি তথা তারেক রহমানের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে দুশাসন দূর ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির অর্থ সম্পাদক সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামাল উদ্দিন দীপ্ত, জেলা বিএনপির ক্ষুদ্র এ ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল আউয়াল খান,মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
বিএনপির ধানের শীষের প্রার্থী আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি বিএনপিই করে। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবারও মহালছড়ি বাসীর কাছে ধানের শীষের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আমি নির্বাচিত হলে মহালছড়ি উপজেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”