মানিকছড়িতে পরিবেশ বিধ্বংসী ইটভাটায় অভিযান, জরিমানা ও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ

শেয়ার করুন

বার্তা ডেস্ক:-

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় ‘থ্রি স্টার’ নামক একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটা কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার চিমনি ও কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ।

৭ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় উপজেলার ০২ নং বাটনাতলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পান্নাবিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খাদিজা তাহিরা।

আদালত সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের পূর্ববর্তী এক আদেশে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ নথিপত্র না থাকায় এই ইটভাটাটির কার্যক্রম আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে থ্রি স্টার ইটভাটা কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব হাসান আহাম্মদ। এসময় ভ্রাম্যমাণ আদালত ইটভাটা কর্তৃপক্ষকে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করেন। একই সাথে একটি এক্সকেভেটর (ভেকু) দিয়ে ভাটার টিনের চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এই দণ্ড প্রদান করা হয়েছে এবং ওই এলাকার পরিবেশ রক্ষায় ইটভাটাটির সকল ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বলে  জানান প্রশাসন।