স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
১৬ মে শনিবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এই বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। এসময় ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এসময় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়। আটক রনেল চাকমা জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা। অভিযানে আরও আটক হন রাজু মারমা ওরফে সাচিং (১৮), যার বাড়ি রামগড় উপজেলার যৌথ খামার এলাকায়। আর গুলিবিদ্ধ সুইথোয়াই মারমার বাড়ি উপজেলার খেদা এলাকায়।
জানা যায়, অভিযানের সময় গোলাগুলিতে সাত্রোই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। পরে সেনা সদস্যরা তাকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক বাকি দুই ইউপিডিএফ সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযানে গেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টে গুলি ছুড়ঁলে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় আরও ২ ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ টি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।