স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন ১ এপ্রিল খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করে যেখানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচির আওতায় মোট ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল রাবার এবং পেন্সিল কাটার সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা তাদের নিয়মিত পাঠদান কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সহজলভ্য করার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিমত অনুযায়ী সেনাবাহিনীর এই সহায়তা শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিশুরা এ ধরনের শিক্ষা উপকরণ পেয়ে পড়ালেখায় আরও আগ্রহী ও মনোযোগী হয়ে উঠবে। খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকাবাসী এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেন। ৪। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে, যা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।