খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। ১৩ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের উদ্যোগে নতুন বোয়ালখালী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, সহায়তার অংশ হিসেবে ৩৪ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এ সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট এতে উপস্থিত ছিলেন।
গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এই সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।