নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া ফটিকছড়িতে

শেয়ার করুন

পাহাড়ের আলো ডেস্ক:  ফটিকছড়ি উপজেলা এলাকায় ফটিকছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি যাচাই, ভোটকেন্দ্রের সুরক্ষা নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া প্রদর্শন।

জানা যায়, আব্দুর রহমান তায়বিয়া জামে মসজিদ এলাকা, দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফটিকছড়ি উপজেলা পরিষদ। প্রতিটি স্থানে সম্ভাব্য সমস্যা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং টহল দল তা দ্রুত নিয়ন্ত্রণে আনে।

মহড়ার সময়ে আব্দুর রহমান তায়বিয়া জামে মসজিদের নিকটে সড়ক অবরোধের কাল্পনিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার পরিস্থিতি মোকাবিলা করা হয়। ফটিকছড়ি উপজেলা পরিষদে ভোট গণনা প্রক্রিয়া বিঘ্নিত করার প্রচেষ্টা নিয়ন্ত্রণে আনা হয়। সেনাবাহিনী, র‌্যাব-৭ এবং বিজিবির যৌথ টহল দল প্রতিটি পরিস্থিতি নিরাপদে সমাধান করে।

মহড়া শেষে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি,  অংশগ্রহণকারী নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা, সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়া এবং পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও পরামর্শ আদান-প্রদান মহড়ার সামগ্রিক প্রস্তুতি আরও জোরদার করে।

বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।