মহালছড়িতে রবি মৌসুমে বিনামূল্যে হলুদ ও চাষের উপকরণ বিতরণ

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রণোদনা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের হলুদ চাষে উৎসাহিত করতে উন্নতমানের হলুদের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলায় হলুদের আবাদ বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে লাভবান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম সহ কৃষি বিভাগের কর্মকর্তারা, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা। তারা বলেন, পাহাড়ি এলাকায় মসলা জাতীয় ফসল হিসেবে হলুদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের হলুদ চাষে আগ্রহ বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নির্বাচিত ৬০ জন কৃষকদের মাঝে ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হবে।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং এতে হলুদের আবাদ বাড়াতে উৎসাহিত হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।