মো: আল আমিন, দীঘিনালা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রশিদ নগর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মো. জহিরুল ইসলাম অংশগ্রহণ করেন। তিনি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এদিকে অভিযোগ উঠেছে, মো. জহিরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগে বলা হয়, তিনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে জড়িত রয়েছেন এবং জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, একজন দলীয় পদধারী ব্যক্তি কীভাবে নির্বাচনকালীন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে পারেন—তা তদন্তসাপেক্ষ বিষয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মো. জহিরুল ইসলাম বলেন, “আমি আজ দরখাস্তের মাধ্যমে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।” অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “আমরা এখনো কাউকে চূড়ান্তভাবে দায়িত্ব প্রদান করিনি। এখন পর্যন্ত কেবল প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচনের আগের দিনও যদি কোনো গ্রহণযোগ্য অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্ব বাতিল করা হবে।”