খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর হাসপাতালে দিনের আলোতেই চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও তাৎক্ষণিক অভিযানে এক চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে কালো রঙের ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল রেখে দায়িত্ব পালনে ভেতরে যান ইন্টার্ন (সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) মিরিন দেওয়ান (২৮)। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে ১নং গেইটে মোটরসাইকেলটি না পেয়ে হতভম্ব হন তিনি।
ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। রাত ৮টা ৪০ মিনিটে জিরোমাইল এলাকায় পার্ক সাইড হাসপাতালের সহযোগিতায় মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬)-কে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬ (তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, জিআর-২০, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড) রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।