বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে খাগড়াছড়িতে শুরু বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।
২৩ জুলাই বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল লক্ষ্য।