খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৭ দিনব্যাপী শাস্ত্রীয় কণ্থক নৃত্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্যের ছন্দ, তাল ও অভিব্যক্তিতে ভরপুর এ আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন,
“শাস্ত্রীয় নৃত্য শুধু শিল্পচর্চাই নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করা প্রয়োজন।”
৭দিনব্যাপী এ শাস্ত্রীয় কণ্থক নৃত্য প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী ফিফা চাকমা। প্রশিক্ষণে মোট ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীরা কণ্ঠক নৃত্যের নান্দনিক পরিবেশনা তুলে ধরলে দর্শকরা করতালিতে তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক প্রভাংশু ত্রিপুরা, সংস্কৃতিকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি খাগড়াছড়ির সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।