খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা আরও গতিশীল করতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২ ফেব্রুয়ারি সোমবার সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের প্রতিনিধিদের মাঝে মোট ৮১ সেট ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহবুব আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “ক্রীড়া ও সংস্কৃতি একটি সমাজের সুস্থতা ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ক্রীড়াবিদদের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন,“পার্বত্য অঞ্চলের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে প্রয়োজন যথাযথ সুযোগ ও উপকরণ। আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ তারই একটি অংশ। আমরা চাই, খাগড়াছড়ির ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতার পরিচয় দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন,নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে।