খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে মৌচিং মারমা (১১) নামে এক পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উগ্যজাই পাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মৌচিং মারমা উগ্যজাই মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর মৌচিং নালকাটা স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে লাফালাফির সময় হঠাৎ সে ডুবে যায়।
সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে।