পানছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।
 ৮ মার্চ রবিবার পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিএসসি (সেবা)-এর উপস্থিতিতে এসব সহায়তা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ২৮টি দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩১টি পরিবারের মধ্যে মোট ৩৩ বান্ডিল টেউটিন বিতরণ করা হয়।
এছাড়া পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসাকে ৪ বান্ডিল টেউটিন ও হ্যান্ডওয়াশ সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।