খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার একটি মন্দিরে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় অবশেষে একজন আসামিকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় এই সফল অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
ঘটনাটি ঘটে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যবর্তী কোনো এক সময়। খাগড়াছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ী এলাকায় অবস্থিত “কৈবল্য পীঠ শ্রী শ্রী রাধামাধব মন্দির”-এর জানালা ভেঙে এক অজ্ঞাত চোর ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরে থাকা পিতলের রাধাকৃষ্ণ, গৌর-নিতাই ও বিভিন্ন আকারের গোপালের মোট ১১টি বিগ্রহ (মূর্তি), বিগ্রহের সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন এবং দানবাক্সের নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
পরে মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে এক যুবক মন্দিরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়। ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে চোরের বয়স আনুমানিক ২৪ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং শারীরিক কিছু বিশেষ বৈশিষ্ট্য শনাক্ত করে। বিশেষ করে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ও দ্বিতীয় আঙুলের মাঝখানে জন্মগত ফাঁকা থাকার বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে।
পরবর্তীতে মন্দির কমিটির সহযোগিতায় বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পুলিশ মো. রাসেল ওরফে বাবু (২৪)-কে শনাক্ত করে। তিনি পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ওমরপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ তাকে আটক করার পর তার ডান পায়ের বৈশিষ্ট্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-১০ (তারিখ: ২৫ মার্চ ২০২৬), জি আর নং-৩২, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।