মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একযোগে কাজ করে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হবে। বক্তারা দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, আরো উপস্থিত ছিলেন মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন, মহালছড়ি আর্মি জোনের জোন প্রতিনিধি, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা।