লক্ষীছড়ি জোন কর্তৃক অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসা সহায়তা প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বার্মাছড়ির কান্দব পাড়া এলাকায় অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসার নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ৩১ জানুয়ারি লক্ষীছড়ি জোনের বার্মাছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন কান্দবপাড়া এলাকায় অগ্নি দূর্ঘটনায় শিশু নিশনা চাকমা (৮) গুরুতর অগ্নিদগ্ধ হয়। শিশুটির বাড়িতে রান্নার সময় মাটির চুলা থেকে অসাবধানতাবশত তার পোশাকে আগুন ধরে গেলে শরীরের উল্লেখযোগ্য অংশ দগ্ধ হয় এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য স্থানীয় লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নেয়া হয়। পরবর্তীতে খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে একটি টহল দল কান্দব পাড়ায় শিশুটির বাড়িতে গমন করে, তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে এবং চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়াও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।