পাহাড়ের আলো: বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সহযোগিতায় মাইনি বাজারে আগুন নিয়ন্ত্রনে আসছে বলে সূত্রে জানা গেছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক ২.৪৫ ঘটিকায় লংগদু উপজেলার মাইনি বাজারে লঞ্চ ঘাট সংলগ্ন হোটেল নিসা-তে রান্না ঘরের চুলা হতে আগুনের সূত্রপাত দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে বিশাল আকার ধারণ করে।
খবর পেয়ে লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ এর সার্বিক নির্দেশনায় মেজর রিফাত উদ্দিন আহমেদ লিয়ন সহ উপস্থিত সকল অফিসার, এফএস জেসিও সহ ৫০ জনের একটি উদ্ধারকারী টীম তৎক্ষনাত মাইনি বাজারে উদ্ধার কাজে অংশ গ্রহণ করে। পরবর্তীতে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জোনের উদ্ধার দল, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্থানীয়দের প্রচেষ্টায় আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই আগুন চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গোডাউন, ভাংগারীর দোকান এবং একটি বসতঘর সহ ১২/১৫ টি দোকান সম্পূর্ণ ভশ্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এসময় লংগদু জোন কমান্ডার বলেন, এলাকার যেকোনো দুর্যোগ কালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবেন। মাইনি বাজারের স্থানীয় জনগণ আজকের অগ্নি নির্বাপনে সেনাবাহিনীর ভুমিকা, মহৎ কার্যক্রমের ভূয়োষি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।