৪৭ মামলার আসামি খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেফতার

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: হত্যাসহ ৪৭ মামলার আসামি খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির একটি দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে রফিকুল আলমকে গ্রেফতার করে। সে সময় তিনি ওই বাসায় অবস্থান করছিলেন।

পুলিশ সুপার আরও জানান, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

গ্রেফতারকৃত রফিকুল আলম ২ মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।