আজ থেকে দুদিনের সফরে রামগড় আসছেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, ​রামগড়: খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া দুই দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি ও দলীয় সফরে আজ রামগড় উপজেলায় আগমন করছেন। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন এ প্রতিনিদিকে জানান,​ দলীয় সূত্রে প্রাপ্ত সফরসূচি অনুযায়ী জানা যায়, সফরকালে সংসদ সদস্য মহোদয় রামগড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে সাক্ষাৎ এবং অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণসহ বিভিন্ন সামজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আজ ​২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ​১নং রামগড় ইউনিয়নের নূরপুরস্থ (তৈচালা পাড়া সংলগ্ন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত আবাসিক বিদ্যালয় (পরিত্যক্ত ভবন) পরিদর্শন। ​রামগড় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন – রামগড় লেক পরিদর্শন।
​ রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা, রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি কমিটির আমন্ত্রণে সনাতন সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় ও চা-চক্রে অংশগ্রহণ। বল্টুরামটিলা বনছায়া ইকো রিসোর্ট-এ রাত্রি যাপন। ​২৬ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল মানুষের মাঝে সংসদ সদস্য মহোদয়ের নিজস্ব বরাদ্দকৃত ঢেউটিন বিতরণ। জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়ার আমন্ত্রণে সোনাইপুল তানিশা কমিউনিটি সেন্টারে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ।​ দুপুরে পরে গুইমারা উপজেলার উদ্দেশ্যে রামগড় ত্যাগ। ​স্থানীয় জনসাধারণের প্রত্যাশা, মাননীয় সংসদ সদস্যের এই সফরের মাধ্যমে রামগড় উপজেলার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো গতিশীল হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান ত্বরান্বিত হবে বলে আশাবাদী।