খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা যুবদলের ও উপজেলা যুবদলের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উক্ত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা করেন নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।
সভা পরিচালনা করেন জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব-দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদযাপন এবং কেক কাটা হয়।