খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিক কিংবা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে অনেক কিশোরীর মনেই থাকে নানা প্রশ্ন। সামাজিক সংকোচ, অজ্ঞতা ও সঠিক তথ্যের অভাবে অনেকেই এসব বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারে না। অথচ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বয়ঃসন্ধিকালে প্রয়োজন সঠিক স্বাস্থ্যজ্ঞান, পরিচ্ছন্নতা ও সচেতন পরিচর্যা। কিশোরীদের সেই সংকোচ দূর করে স্বাস্থ্যসচেতন করে তুলতে খাগড়াছড়ির পানছড়িতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিচর্যাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের ২০৩ জন ছাত্রী অংশ নেয়। কর্মশালায় সহযোগিতা করে এসিআই লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব এবং খাগড়াছড়ি সেনা সদর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানিয়া। তাঁরা শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনজনিত প্রভাব, ঋতুস্রাব বা মাসিককালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর। স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে সংকোচ না করে অভিভাবক কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নিজেদের স্বাস্থ্য ও পরিচর্যাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে সরাসরি চিকিৎসকদের কাছ থেকে উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে তারা। এতে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা ও অজানা বিষয় সম্পর্কে জানার সুযোগ পায় শিক্ষার্থীরা।
পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর এমন উদ্যোগে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। এ মহতী উদ্যোগের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীরাও এ উদ্যোগের জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।
কৈশোর থেকেই সঠিক স্বাস্থ্যজ্ঞান ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে মাসিক নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মশালা কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য পাওয়ার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করে।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জোনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩ ছাত্রীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালা কেবল স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিই নয়, বরং কৈশোরের স্বাভাবিক পরিবর্তনকে সংকোচের পরিবর্তে জ্ঞান ও আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করার একটি ইতিবাচক প্রয়াস।