মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসন, মহালছড়ির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাঞ্চ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।