মহালছড়ির দুর্গম জনপদে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে পৌঁছালো জেলা পরিষদের খাদ্য সহায়তা

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম,​মহালছড়ি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষতিগ্রস্ত ৪৫০ বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

১১ জুলাই ​শনিবার দুপুরে জেলার মহালছড়ি উপজেলা সদর ও মাইসছড়ি ইউনিয়নসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ​ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

​ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন:​”বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এই দুর্যোগকালীন মুহূর্তে কেউ যেন খাদ্যসংকটে না ভোগে,সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই সর্বাত্মক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

​ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ​এম এন আবছার, সাধারণ সম্পাদক,খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপি।​প্রফেসর মোঃ আব্দুল লতিফ, সদস্য, খাগড়াছড়ি জেলা পরিষদ।​কংজাফ্র মারমা, সদস্য, খাগড়াছড়ি জেলা পরিষদ। ​মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।​মোঃ মাহবুব আলম সবুজ, সভাপতি, জেলা যুবদল।​মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি।

​বন্যায় সবকিছু হারিয়ে বিপর্যস্ত পরিবারগুলো এই সংকটময় মুহূর্তে জরুরি খাদ্য ও ত্রাণ সহায়তা পেয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার অন্যান্য দুর্গম এলাকাগুলোতেও পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।