মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে ৩টি পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এলএফজি সদস্যদের দিনব্যাপী মুরগি পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মহালছড়ির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিডি) ডা. মো. জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি এবং মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব।
প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ডা. কল্পনা চাকমা, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের লাইভস্টক এক্সচেঞ্জ অফিসার (LEO)।
প্রশিক্ষণে মুরগি পালন, জাত পরিচিতি, বাসস্থান ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারসহ আধুনিক পদ্ধতিতে মুরগি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় আজ মহালছড়ি সদর ইউনিয়নে( ২৫+২৫) মোট ৫০জন অংশগ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতি বার মাসইসছড়ি ইউনিয়ের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে একটি করে মুরগির খোয়ার দেওয়া হবে।