মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত বিকাশ খীসা গ্রুপ) এর ৩ সদস্যকে আটক করা হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রেখুং পাড়া থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন।
আটকরা হলেন গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের বাসিন্দা হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের তেজেন্দ্র চাকমা (২৭), মাটিরাঙ্গা সদর মানসিপাড়া গ্রামের বিশ্ব ত্রিপুরা (২৮)। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপনকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোরের দিকে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে তল্লাশি চালিয়ে ১টি দেশী একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি বিদেশী পিস্তল, ১টি গুলি, ১টি চাকু, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ৩টি ব্যাগ, ১ জোড়া জুতা ও ১১ হাজার নগদ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনীর অভিযানে ৩ জন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিধি মোতাবেক আটকদের আদালতে সোপর্দ করা হবে।