রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুগাবতার পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় রামগড় উপজেলার সনাতন সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। এ সময় রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বিএনপি পরিবারের পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন এবং শোভাযাত্রায় সংহতি প্রকাশ করে অংশ নেন। কেন্দ্রীয় মন্দিরের প্রধান পুরোহিত মৃদুল চক্রবর্তী জানান, শোভাযাত্রা শেষে সকাল ৯টা থেকে অখণ্ড গীতা পাঠ শুরু হয়।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রাত ৮টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১১টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা। শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির সভাপতি ডা. বাদল চক্রবর্তী জানান, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাথে সমন্বয় রেখে রামগড় উপজেলায় ধর্মীয় অনুষ্ঠানমালার পাশাপাশি কিছু সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেছে সনাতন ছাত্র ও যুব পরিষদ, রামগড় উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে আয়োজিত সামাজিক ও সৃজনশীল কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ছাত্র-ছাত্রীদের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রামগড় উপজেলা ও পৌর সনাতন ছাত্র এবং যুব পরিষদের সাধারণ সম্পাদকদ্বয় লিংকন চৌধুরী ও ত্রিদিপ ত্রিপুরা জানান, সনাতন ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. স্নেহাশীষ মহাজন, মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. তাপস চৌধুরী এবং গাইনি বিশেষজ্ঞ ডা. শুভ্রা দেবনাথ। পরে অনুষ্ঠান শেষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।