রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া রামগড় উপজেলার দুটি পূজা মণ্ডপ ও ৫৯টি বৌদ্ধ বিহারে আর্থিক সহায়তা ও চালের বরাদ্দপত্র (ডি.ও) প্রদান করেছেন। একই দিনে সম্প্রতি পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণসহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে এমপি ওয়াদুদ ভূঁইয়া রামগড় কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দক্ষিণেশ্বরী কালীবাড়ি ও বাসন্তী মন্দির পূজা মণ্ডপের অনুকূলে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেন।
পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে উপজেলার দুটি মন্দির এবং ৫৯টি বৌদ্ধ বিহার পরিচালনা পর্ষদের হাতে প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাউলের ডি.ও তুলে দেন তিনি।
এর আগে সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ২০টি পরিবারকে শিশু খাদ্য এবং ৩০ জন কৃষকের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।
একই সফরে এমপি ওয়াদুদ ভূঁইয়া রামগড়ের হাতির খেদা এলাকায় বৃক্ষরোপণ করেন এবং ফিতা কেটে স্থানীয় সংসদ সদস্য কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপকারভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।