পাহাড়ের আলো ডেস্ক: বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ১ জুন সোমবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক বিশেষ সরকারি প্রজ্ঞাপনের (গেজেট) মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর বরাবর পদত্যাগ পত্র পাঠান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো ঐ পত্রে দীপেন দেওয়ান পদত্যাগের আবেদন করেন।
চিঠিতে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ ও প্রশাসনিক দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে উল্লেখ করেন।