স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার
লক্ষীছড়ি উপজেলায় গ্রামীণ কোর রোড নেটওয়ার্কের আওতায় সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বাপ্পী দত্ত রনি। প্রধান অতিথি ছিলেন মোঃ আনোয়ার রহমান, নির্বাহী প্রকৌশলী এলজিইডি খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম।
কর্মশালায় গ্রামীণ কোর রোড নেটওয়ার্ক মূল্যায়ন পদ্ধতি, সড়কের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার মান এবং সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলার যেসব সড়ক উন্নয়ন করা প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।