খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণি সম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বাটনাতলী আর্মি ক্যাম্পে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী নেহাত ফয়সাল। এসময় অন্যান্যের মধ্যে বাটনাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন সহ স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে দুর্গম পাহাড়ের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।