স্টাফ রিপোর্টার: বনজ সম্পদ রক্ষায় স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার লক্ষীছড়ি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অশ্রেনীভুক্ত বনাঞ্চল বণিকরণ বিভাগ, রাঙ্গামাটি ও উপজেলা প্রশাসন, লক্ষ্মীছড়ির যৌথ আয়োজনে “পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প” এর আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি অঞ্চল বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। আলোচক ছিলেন অশ্রেণীভুক্ত বনাঞ্চল বণিকরণ বিভাগ রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা,মোঃ রফিকুজ্জামান শাহ্।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার বাপ্পী দত্ত রনি অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, অফিসার ইনচার্জ, লক্ষীছড়ি মো: সাইফুল ইসলাম সোহাগ থানা, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এছাড়াও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ স্থানীয় হেডম্যান, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অশ্রেণীভূক্ত বনাঞ্চল বণিকরণ বিভাগ রাঙ্গামাটি সহকারি বন সংরক্ষক জিএম আবুবকর সিদ্দিক কর্মশালায় “পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প” এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
লক্ষ্মীছড়ি বন কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাইফুর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং স্থানীয় জনগণের নেতৃবৃন্দ উপস্থিত কর্মকর্তাগণের সাথে প্রকল্পের বিভিন্ন বিষয় ও তাদের স্থানীয় বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা সহ পরামর্শ ও সুপারিশ প্রদান করেন। বিভাগীয় বন কর্মকর্তা,অশ্রেনীভুক্ত বনাঞ্চল বণিকরণ বিভাগ রাঙ্গামাটি,উপস্থিত নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান সহ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক, রাঙ্গামাটি অঞ্চল,রাঙ্গামাটি, মহোদয় স্থানীয় নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের পরামর্শ ও সুপারিশের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।