লক্ষ্মীছড়িতে বাঁশের সাঁকো তৈরী করে দুর্গম ৬ পাড়ার মানুষের যাতায়াতের সুযোগ করে দিলো সেনাবাহিনী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ওই পথ দিয়ে চলাচল করেন। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এত দিন তাঁদের পানির ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে এ দুর্ভোগ আরও বাড়ত। বিশেষ করে দুল্যাতলী হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন বাঁশের সাঁকো নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।

লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে নির্মিত এই সাঁকোটি ছয়টি পাড়ার মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করেছে বলে স্থানীয়রা জানান। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সাঁকোটি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনেছে।

দুল্যাতলী ক্যাম্প কমান্ডারে মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে  বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে করে স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে এবং প্রয়োজনের তাগিদে বাজার কিংবা অফিসের জরুরী কাজে যারা আসেন এখন আর পানি পেড়িয়ে আসতে হচ্ছে না।

দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, এটি একটি মহতি উদ্যোগ। পাহাড়ের মানুষগুলো অনেক কষ্ট করে যাতায়াত করে। সেনাবাহিনী এই  বাঁশের সাঁকোটি নির্মাণ করে দেয়া মানুষের অনেক উপকার হচ্ছে।