রামগড়ে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের সাথে এমপি ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়

শেয়ার করুন

 ​রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ​খাগড়াছড়ির রামগড়ে উপজেলা, পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায় রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। ​রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। ​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ প্রমুখ।

এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​মতবিনিময় সভায় রামগড়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করা, তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয় বৃদ্ধি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। ​সভায় রামগড় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।