রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ও রামগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব শাড়ি প্রদান করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা ১৫জন এবং রামগড় উপজেলায় ৫০ জন নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।
২০অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, দুর্গাপূজার আনন্দে অসহায় ও পিছিয়ে পড়া নারীদের শরিক করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সহায়তা পূজার আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
এদিকে লক্ষ্মীছড়ি উপজেলা শ্রী শ্রী কালী মন্দির দুর্গাপূজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাপ্পী দত্ত রনি, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি অংগ্যপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম, রেজাউল করিম, মহিলাদলের সভানেত্রী আলেয়া বেগমসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমতোষ মহাজন, সাধারণ সম্পাদক সঞ্জয় বনিক, রিংকু দাশ উপস্থিত ছিলেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ১৫টি শাড়ি বিতরণ করা হয়।