সাজেক বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

শেয়ার করুন

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় খাগড়াছড়ির সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে পর্যটন ও পরিবহন খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। এ খাতের সঙ্গে জড়িত অনেক মানুষের আয়-রোজগার পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহন মালিক ও চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।

তারা জানান, সাজেকের পর্যটনশিল্প শুধু ব্যবসায়ীদের আয়ের উৎস নয়, স্থানীয় অনেক মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ অবলম্বন। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সেখানে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা জরুরি।

সমাবেশ থেকে পর্যটনশিল্প রক্ষা, স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষা এবং সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ শান্তি চাকমা, সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন ও ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল প্রমুখ