স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবরোধ পালিত হচ্ছে। সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।
শনিবার সকালে লক্ষীছড়ি-মানিকছড়ি সড়ক ও ফটিকছড়ি-লক্ষীছড়ি সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা ব্লক করার খবর পাওয়া গেছে। জানা যায়, লক্ষীছড়ি-মানিকছড়ি সড়কে কালাপানি, আদর্শ গ্রাম এলাকায় অবরোধকারীরা রাস্তায় গুড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে ফটিকছড়ি-লক্ষীছড়ি সড়কে বাইন্যাছোলা নামক এলাকায় রাস্তার পাশের গাছ কেটে ফেলে দিলে রাস্তা বন্ধ হয়ে যায়। তবে অবরোধ কারীদের তৎপরতা কোথাও দেখা যায় নি।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, পুলিশের কড়া নজরদারি রয়েছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায় নি। কিছু এলাকায় অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে খবর পেয়েছি।