মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২০২৭ (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মহালছড়ি উপজেলা সংযুক্ত হয়।
মহালছড়ি উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব দে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।