স্টাফ রিপোর্টার: লক্ষীছড়ি জোনের উদ্যোগে ইন্দ্রসিংপাড়া এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
৯ নভেম্বর সোমবার লক্ষীছড়ি জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এলআরপি চলাকালে কয়েকটি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিএ-১১১৩৮ ক্যাপ্টেন সালমান ফাইয়াজ, ক্যাম্প কমান্ডার, ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত উক্ত এলআরপি চলাকালে পূর্বে চিহ্নিত সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্গম এলাকার জনগণের দোরগোড়ায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হওয়ার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।