২২ দিন পর সাজেকে সাপ্তাহিক হাট: অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: দীর্ঘ ২২ দিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে। বুধবার (১১ নভেম্বর) সকালে সাজেকের আলোচিত গঙ্গারাম বাজারসহ উজোবাজার ও মাচালংয়ে বসেছে সাপ্তাহিক হাট। দীর্ঘদিন পর হাট বসায় নিজেদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে কেনাবেচায় ফিরেছেন কয়েক শ পাহাড়ি নারী-পুরুষ। একই সঙ্গে উপজেলা সদরের সাপ্তাহিক হাটেও পাহাড়ি-বাঙালি মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। সকাল থেকে সড়কে চলাচল করেছে ব্যাটারিচালিত টমটমসহ ছোট যানবাহন। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
তবে জনজীবনে স্বাভাবিকতা ফেরার এই চিত্রের মধ্যেও সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি, অপহরণের অভিযোগ এবং বিভিন্ন স্থানে পিকেটিংয়ের খবরে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে হাটবাজার ও সীমিত যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি সাজেকের পরিস্থিতি।
১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক লিখিত বিবৃতিতে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং কমিটি বিলুপ্তির কথাও জানান তিনি।
তবে তাঁর এই ঘোষণার পরপরই পাল্টা বিবৃতি দেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা। তিনি অভিযোগ করেন, আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নতুন জয় চাকমা জেএসএসের হাতে অপহরণের শিকার হয়েছেন। পরে তাঁকে জোরপূর্বক অবরোধ প্রত্যাহার ও কমিটি বিলুপ্তির বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। বাবুধন চাকমা আরও জানান, তাঁদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে পাল্টাপাল্টি এই বক্তব্যের মধ্যেই বুধবার সকালে সাজেক সড়কের দুটি স্থানে আগুন জ্বালিয়ে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে সকাল থেকে উজোবাজার, গঙ্গারাম ও মাচালং বাজারে সাপ্তাহিক হাট বসে এবং বিভিন্ন সড়কে ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়। কোথাও বড় ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিনের অচলাবস্থায় সাজেকের উজোবাজার, গঙ্গারাম ও মাচালং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। হাটবাজার বন্ধ থাকায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছিলেন না। খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়েও দেখা দিয়েছিল সংকট। বুধবার হাট বসায় দীর্ঘদিন পর কেনাবেচার সুযোগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ইউপিডিএফের বিরোধী পক্ষের সদস্যদের দাবি, একসময় উজোবাজার, গঙ্গারাম ও মাচালং এলাকায় ইউপিডিএফের শক্তিশালী সাংগঠনিক প্রভাব ছিল। মঙ্গলবার রাতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্তির ঘোষণার পর সংগঠনটি ওই এলাকায় তাদের প্রভাব হারিয়েছে। তাঁদের দাবি, বর্তমানে ইউপিডিএফের সদস্যরা সাজেক থেকে সরে গিয়ে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় অবস্থান করছেন। তবে এসব দাবির স্বতন্ত্র সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
অবরোধ প্রত্যাহারের ঘোষণায় নতুন জয় চাকমা তাঁর লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিনের সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। একজন কারবারি হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করা তাঁর দায়িত্ব। সেই বিবেচনায় তিনি সংগঠনের সভাপতি পদ থেকে পদত্যাগ, কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন বলেন, পাহাড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ দিন পুরো সাজেক কার্যত স্থবির হয়ে পড়েছিল। দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পর বুধবার সকাল থেকে উজোবাজারে হাট বসতে দেখে তাঁদের ভালো লাগছে। এতে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা আবারও সচল হওয়ার আশা তৈরি হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। বড় যানবাহন চলাচল না করলেও সড়কে টমটম চলাচল করছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
দীর্ঘ ২২ দিনের অচলাবস্থার পর হাটবাজার বসা ও সীমিত যান চলাচল শুরু হওয়াকে স্বাভাবিক জীবনে ফেরার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় সাজেকের মানুষের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে।