পাহাড়ের জুমচাষে জলবায়ুর আঘাত, ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার দাবি নারী কৃষকদের

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: পাহাড়ের ঢালে সাজানো জুমক্ষেত, ঘরে সংরক্ষিত বৈচিত্র্যময় বীজ আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কৃষিজ্ঞান এসবই পাহাড়ি জনপদের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্রমেই বিপন্ন হচ্ছে এই কৃষিব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হচ্ছে জুমের ফসল, সংকুচিত হচ্ছে জীবিকার পথ, বাড়ছে খাদ্যনিরাপত্তার ঝুঁকি। এই বাস্তবতায় পাহাড়ের নারী কৃষক ও জুমচাষিরা চাইছেন জলবায়ু ন্যায়বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং কৃষিতে তাঁদের প্রথাগত অধিকারের সুরক্ষা। তাঁদের দাবি, জলবায়ু সংকটের দায় যাদের সবচেয়ে কম, ক্ষতির বোঝা যেন তাদেরই সবচেয়ে বেশি বহন করতে না হয়। জলবায়ু মোকাবিলার নামে নতুন ঋণের বোঝা নয়, প্রয়োজন শর্তহীন অনুদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং জুম কৃষির জন্য কার্যকর রাষ্ট্রীয় সহায়তা।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত নারী চাষীদের সমাবেশ ও কৃষিপণ্য প্রদর্শনীতে এসব দাবি উঠে আসে। দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে ‘কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), খাগড়াছড়ি, ক্লিন (CLEAN), প্রান (PRAAN), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (KHANI) এবং বিডব্লিউজিইডি (BWGED) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশের পাশাপাশি নারী চাষী ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য প্রদর্শন করেন।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, খাগড়াছড়ির সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। মূল ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া ম্যানেজার মো. নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা এবং কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরা। এ ছাড়া স্থানীয় নারী চাষী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

জলবায়ু সংকটের বোঝা বইছেন পাহাড়ের কৃষক
প্রারম্ভিক বক্তব্যে মথুরা বিকাশ ত্রিপুরা তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবিলা করতে হচ্ছে দেশের কৃষকদের। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব দুর্যোগে পাহাড়ের ঢালু জমি ও ঐতিহ্যবাহী জুমক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাহাড়ি জনপদে খাদ্যনিরাপত্তা ও জীবিকার সংকট আরও গভীর হয়েছে। তিনি জুমচাষকে প্রচলিত কৃষিব্যবস্থার বাইরে না রেখে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জুমিয়া কৃষকদের জরুরি পুনর্বাসন এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের আহ্বান জানান।

জলবায়ু অর্থায়ন ঋণ নয়, হতে হবে অনুদান
সভাপতির বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষির রূপান্তর হতে হবে অধিকারভিত্তিক, কৃষকনেতৃত্বাধীন ও অনুদাননির্ভর। জলবায়ু অর্থায়নের নামে ঋণনির্ভর ব্যবস্থা কিংবা কার্বন বাজারের মুনাফার ফাঁদে ফেলে পাহাড় ও সমতলের কৃষকের জমি, পানি ও বনের প্রথাগত অধিকার কেড়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি বলেন, কৃষির ন্যায্য রূপান্তরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের। বিশেষ করে নারী কৃষক ও পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করা জরুরি। কৃষির সংকট বাড়াচ্ছে উৎপাদন ব্যয় ও অর্থায়নের বৈষম্য মূল ধারণাপত্র উপস্থাপনকালে ইখিন চৌধুরী বলেন, তুরস্কের আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আলোচনার সঙ্গে বাংলাদেশের গ্রামীণ জনপদ ও পাহাড়ের কৃষকের বাস্তবতার সংযোগ তৈরি করা জরুরি। আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় কৃষকের অধিকার ও মাঠপর্যায়ের সংকট যথাযথভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

তিনি উপস্থাপিত তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, বাংলাদেশের জিডিপিতে ১১ শতাংশ অবদান রাখা এবংন ৪৫ শতাংশ মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত কৃষিখাত বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে চরম ঝুঁকির মুখে। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রায় দশ গুণ বেড়েছে। দুর্যোগকবলিত এলাকার অতিদরিদ্র পরিবারগুলো তাদের আয়ের প্রায় ৯৭ শতাংশ পর্যন্ত হারাচ্ছে। কৃষিতে জ্বালানি ও উৎপাদন ব্যয়ের চাপ তুলে ধরে তিনি জানান, দেশে ১৪ লাখের বেশি অগভীর নলকূপের মধ্যে সাড়ে ৯ লাখেরও বেশি এখনো ডিজেলচালিত। অন্যদিকে আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রান্তিক কৃষকের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় বাংলাদেশ দশ ভাগের এক ভাগ অর্থও পাচ্ছে না। প্রাপ্ত অর্থের ৬৫ শতাংশই ঋণ হিসেবে আসছে। অন্যদিকে বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ১ দশমিক ৭ শতাংশ অর্থ সরাসরি ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে ডিজেলচালিত সেচের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ খরচ সাশ্রয়ী সৌরসেচ, মিথেন নিঃসরণ কমাতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি, সৌরচালিত হিমাগার এবং স্থানীয় জলবায়ুসহিষ্ণু ও ঐতিহ্যবাহী জুমের বীজ সংরক্ষণে রাষ্ট্রীয় ভর্তুকি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব উদ্যোগে বড় ব্যবসায়ীদের পরিবর্তে ক্ষুদ্র ও নারী কৃষক এবং পাহাড়ি জনগোষ্ঠীর মালিকানা ও অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

নারী কৃষকের অধিকার সুরক্ষায় তিন দফা দাবি
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় নারী চাষী এবং ক্ষুদ্র জুমচাষীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, কৃষি সহায়তা ও অর্থায়নের ক্ষেত্রে তাঁদের প্রয়োজন ও অধিকার অনেক সময় যথাযথ গুরুত্ব পায় না। এ অবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের কাছে তিন দফা দাবি তুলে ধরেন তাঁরা। দাবিগুলো হলো,জলবায়ু অর্থায়ন হতে হবে শর্তহীন ও অনুদানভিত্তিক; কোনোভাবেই ঋণনির্ভর নয়। ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (FRLD) এবং অভিযোজন তহবিলে পাহাড়ি অঞ্চলের বন্যা ও ভূমিধসসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য পৃথক বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক কৃষকদের সরাসরি এবং সহজে এসব তহবিলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। অন্যদিকে জুম কৃষিকে আইনি ও নীতিগত সহায়তার আওতায় এনে জুমিয়া কৃষকদের পুনর্বাসন, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষিপ্রতিবেশভিত্তিক উদ্যোগে পাহাড়ি ও প্রান্তিক কৃষকদের প্রথাগত অধিকার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানের শুরুতে নারী চাষী ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বিভিন্ন প্রজাতির বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য প্রদর্শন করেন। এসব প্রদর্শনীতে পাহাড়ের কৃষিবৈচিত্র্য, স্থানীয় খাদ্যসংস্কৃতি এবং নারীদের কৃষিভিত্তিক উৎপাদন কর্মকাণ্ডের চিত্র উঠে আসে। জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পাহাড়ের কৃষকের কাছে জুম শুধু ফসল ফলানোর একটি পদ্ধতি না; এটি খাদ্য, জীবিকা, সংস্কৃতি ও প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা ঐতিহ্যের অংশ হিসেবে বাস্তব ধারণা দেয়। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জুম কৃষির সুরক্ষা ও নারী কৃষকের অধিকার নিশ্চিত করা এখন শুধু কৃষি উন্নয়নের বিষয় নয়, বরং পাহাড়ের মানুষের জীবন ও অস্তিত্ব রক্ষারও গুরুত্বপূর্ণ প্রশ্ন,এমন প্রত্যাশা উঠে আসে সমাবেশে।