খাগড়াছড়িতে গভীর রাতে দুই পিকআপে আগুন, নাশকতার সন্দেহ

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ গাড়ি পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতে যথারীতি চারটি গাড়ি সেখানে রাখা হয়। পরে গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে পিকআপ দুটিতে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।