রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে সেনাবাহিনী, উপহার দিল খাদ্যসামগ্রী

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূর্ণিমা বা রাসপূজা উপলক্ষে তাঁদের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সেনাবাহিনী।

ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

পাহাড়ে নানা ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ কেবল সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের পরিবেশে সেনাবাহিনীর এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।