ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার: এমপি সরোয়ার আলমগীর

শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে নতুন এই ডায়ালাইসিস সেন্টার চালু হলে স্থানীয় কিডনি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে। একই সঙ্গে দূরবর্তী হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করানোর ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে ফটিকছড়ি ছাড়াও আশপাশের এলাকার কিডনি রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে নিয়মিত ডায়ালাইসিসের জন্য চট্টগ্রাম শহরসহ দূরবর্তী হাসপাতালে যাতায়াতের সময়, ব্যয় ও ভোগান্তি অনেকটাই কমে আসবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ডায়ালাইসিস সেন্টারটি চালু করা হলে ফটিকছড়ির স্বাস্থ্যসেবায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

সভায় বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ডা. সাদিকুল আলম, ডা. কামরুল হাসান, ডা. হাসনা হেনা নিফা, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না ও সহ সভাপতি মো. এমরান হোসেন( এমরান ফরহাদ) প্রমূখ।