খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আনেয়ার সাদাত। ২৩ নভেম্বর রবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা হয়। সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত’কে প্রথমেই সাংবাদিকরা ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পরে মতবিনিময় সভায় খাগড়াছড়িতে নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত সাংবাদিকদের কাছে খাগড়াছড়ি জেলার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকরা পর্যটন নগরী পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়ন সম্ভাবনা, পর্যটনের চিত্র, পাহাড়ের প্রকৃতি রক্ষার্থে বিভিন্ন পরামর্শ সহ শহরের রাস্তাঘাট দখলমুক্ত করা, শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের পরামর্শগুলো শোনেন এবং সমস্যা সমূহ সমাধানের আশ্বাস দেন। দুর্নীতি মুক্ত ও জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসন গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন। যে কোনো সময়, যে কোনো বিষয়ে সাংবাদিকদের জন্য জেলা প্রশাসকের দরজা খোলা আছে উল্লেখ করে অবশ্যই আপনারা লিখবেন তবে সত্য ও বস্তুনিষ্ঠ এবং ক্রস চেক করে। তাহলে কোনো ভূল বুঝা- বুঝির অবকাশ থাকবে না।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক মো: মোবারক হোসেন, দৈনিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মো: সাজুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।